প্রবন্ধ

আকাশ দেখতে আমার  ভালো লাগে। কত রকমের তার রং।  কত রকম পাখি , মেঘ , ঘুড়ি , এরোপ্লেন উড়ে যায় আকাশে।  কত রকম মেঘ, কত রকম তার আকৃতি। কখনো জাহাজ এর মতো কখনো বা তুলোর বালিশের মতো উড়ে উড়ে যায় আকাশে। কিন্তু আমার খারাপ লাগে, ওই মেঘ গুলো কে আমি আর দেখতে পাইনা। আবার নতুন কোনো মেঘ আকাশে চলে আসে। পাখিরা সন্ধ্যে নামলে উড়ে যায় বাসার দিকে। ঝাঁকে ঝাঁকে সবাই যেন বাড়ি ফেরে নিয়ম করে। সূর্য ডোবার সময় মেঘ তার রং বদলায় নিয়ম করে, ঠিক যেমন আকাশ তার রূপ বদলায়। তার পর আকাশে তারার মেলা। যদিও মাত্র তিনটে তারা আমি দেখতে পাই। ঠাম্মির  কাছে গল্প শুনেছি যে আগে আকাশে অনেক তারা দেখা যেত, গুনে শেষ করা যেত না।  কিন্তু, এখন শুধু তিনটে – চারটে তারাই দেখতে পাই। রাতের আকাশ দেখতে খুব ভালো লাগে আমার। আর যেদিন আকাশে চাঁদ থাকে, সেদিন যেন আরো ভালো লাগে।  চারিদিক আলোতে ভোরে যায়। গত বছর আকাশে আমি প্রথম লাল চাঁদ দেখেছি। বাড়িতে সবাই বলছিলো যে চাঁদে গ্রহণ লেগেছে।  

এর মানে আমি বুঝিনি , তবে অন্ধকার আকাশে লাল বিশাল বড় চাঁদ দেখতে এমন লাগে সেটা কোনোদিন ভাবিনি। স্কুল এ  বসে জানলা দিয়েও আমি আকাশ দেখি, নীল আকাশ।পুজোর ছুটির আগে আকাশ যেন একদম অন্য রকম লাগে। পরিষ্কার নীল আকাশ আর রাশি রাশি মেঘ।  আমি চাই, আমার আকাশ দেখা যেন কখনো বন্ধ না হয়।  

Name: Shruti Debnath
Class: III
Age: 07
Institution: Harinavi D.V.A.S. High School

শীত কাল আসলেই আমার একটা আনন্দ আর উত্তেজনা কাজ করে , তা হল, পরীক্ষা শেষে স্কুল পিকনিক।  আমার বন্ধুরা, আমি  এবং আমার সকল শিক্ষক – শিক্ষিকারা খুব আনন্দ করি এই পিকনিকে স্কুল এর বার্ষিক পরীক্ষার আগে থেকেই শুরু হয়ে যায় আমাদের প্রস্তুতি।
যখন পরীক্ষা শেষ হয় তখন আমি ,আমার বাবা মা একসাথে প্রস্তুতি শুরু করি পিকনিকে অংশগ্রহণ করার জন্য। আমার বন্ধুদের সাথে আমি অনেক প্ল্যান করি, কি কি খেলবো, কি কি খাবো , এই সব কিছু। আমি সাথে আমার ক্রিকেট খেলার ব্যাট বল আর উইকেট নিয়ে যাই খেলার জন্য। এছাড়া আমার বন্ধুরা ফুটবল, , ব্যাডমিন্টন নিয়ে আসে খেলার জন্য। এছাড়াও আমরা রুমাল চোর  , লুকোচুরি খেলি একসাথে।
আমাদের শিক্ষক গণ আমাদের উৎসাহিত করেন গান, নাচ ও আবৃত্তি করার জন্য। আমি আবৃত্তি করে শোনাই সকলকে।আমার পছন্দের খাওয়া দাওয়া , প্রিয় বন্ধুদের সাথে খেলা করা, শিক্ষকদের স্নেহ, সব মিলিয়ে আমার পিকনিক কাটে আনন্দে। তাই প্রতি বছর আমি অপেক্ষা করে থাকি এই পিকনিক এ অংশ নেবো বলে।আমার বছর শেষ হয় আনন্দে আর মজাদার ভাবে।আর বছর এর শুরুতেও সেই আনন্দ থেকে যায়। আর নতুন বছরে যখন আমরা স্কুলে যাই, তখন আনন্দের সাথে পিকনিক এর গল্প করতে থাকি আমার বন্ধুদের সাথে। এই অপেক্ষাতেই আবার বছর চলে যায়।  

Name: Briti Debnath
Class: III
Age: 07
Institution: Harinavi D.V.A.S. High School

বর্তমান পৃথিবীতে প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে মানুষের জীবনযাত্রা যেমন বদলাচ্ছে, তেমনি শিক্ষা ব্যবস্থার ধারণাও নতুনভাবে গড়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence এখন শুধু প্রযুক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; এটি মানবিক শিক্ষা, চিন্তাভাবনা এবং জ্ঞান অর্জনের পদ্ধতিকেও গভীরভাবে প্রভাবিত করছে। আগে শিক্ষা বলতে মূলত বই পড়া, মুখস্থ করা এবং পরীক্ষায় নম্বর পাওয়াকেই গুরুত্ব দেওয়া হতো। কিন্তু আজকের যুগে তথ্যের অভাব নেই, বরং তথ্যকে সঠিকভাবে বোঝা ও ব্যবহার করার ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের ব্যক্তিগত শেখার ধরণ বুঝে তাদের জন্য আলাদা শেখার পথ তৈরি করতে পারে।একজন শিক্ষার্থী যে বিষয় দ্রুত শিখতে পারে এবং যে বিষয় বুঝতে সময় নেয়,  AI সেই পার্থক্য বিশ্লেষণ করে শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর করে তোলে।ফলে শিক্ষা আর একমুখী থাকে না; এটি হয়ে ওঠে অংশগ্রহণমূলক ও ব্যক্তিকেন্দ্রিক। তবে এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে আসে মানবিক মূল্যবোধ কি প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাবে? 
এই কারণেই মানবিক শিক্ষা ও প্রযুক্তির মধ্যে ভারসাম্য তৈরি করা জরুরি।

সহানুভূতি, নৈতিকতা,সামাজিক দায়িত্ববোধ এবং সৃজনশীল চিন্তা এমন কিছু গুণ যা কোনো যন্ত্র সম্পূর্ণভাবে তৈরি করতে পারে না।
তাই ভবিষ্যতের শিক্ষা হবে এমন এক সমন্বয়,যেখানে প্রযুক্তি তথ্য দেবে আর মানুষ সেই তথ্যকে মানবিক বোধ দিয়ে অর্থপূর্ণ করে তুলবে।অতএব, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প নয়; বরং এটি মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করার একটি নতুন মাধ্যম। সঠিকভাবে ব্যবহার করতে পারলে AI মানবিক শিক্ষাকে দুর্বল না করে বরং আরও গভীর, বাস্তবমুখী এবং সৃজনশীল করে তুলতে পারে.

ভবিষ্যতের সমাজ গঠনে এই নতুন সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Name: Ayush Gupta
Class: XI
Age: 17
Institution: Uttar Garifa Pallimangal High School